পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অ্যাপ ছাড়া চুক্তিতে মোটরসাইকেল বা গাড়িতে যাত্রী বহন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, চুক্তিতে রাইড শেয়ার করলে কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দেওয়ার জন্য সরকার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ করেছে। এ নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়ে নেওয়ার পর রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই সেবা প্রদান ও গ্রহণ এবং সুনির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায়ের শর্ত রয়েছে। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় মোটরযান চালক এ নীতিমালার শর্ত পালন করছেন না। শর্ত পালন না করে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রদান ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক মোটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযান মালিক, মোটরযান চালক এবং সেবাগ্রহণকারীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএ বিজ্ঞপ্তিতে বলে, চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ বিআরটিএর প্রধান কার্যালয়ের রাইড শেয়ারিং শাখার সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) জানানো যাবে। এ জন্য ০১৭১৪৫৫৬৫৭০, ০২-৫৫০৪০৭৪৫ এই নম্বরে অথবা ade.ride@brta.gov.bd এ ঠিকানায় ই-মেইল করতে হবে।


