‘আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান’

‘আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তানের সাহায্য চেয়েছে মার্কিন সরকার। কিন্তু পাক আশ্রিত এবং পাক মদদপুষ্ট জঙ্গিদের জন্য দেশের স্থিতিশীলতাই নষ্ট হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে আফগান সরকার।

সন্ত্রাসে মদদ জোগানো নিয়ে এবার পাকিস্তানকে একহাত নিলেন সে দেশের প্রাক্তন গুপ্তচর প্রধান তথা প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী আমরুল্লা সালেহ। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার পাশাপাশি আইএস জঙ্গিদেরও পাকিস্তান অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি তার।

আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন। তাতে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আশরফ ঘানি। আর ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন আমরুল্লা সালেহ।

তার আগে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তালেবানই অন্য জঙ্গি সংগঠনগুলোকে জায়গা করে দিয়েছিল। এই মুহূর্তে তালেবান দমনই প্রধান লক্ষ্য আমাদের। তারপর বাকি সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজন আইএস জঙ্গিকে বন্দি করেছে আমাদের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান থেকে আর্থিক সাহায্য এবং অস্ত্র প্রশিক্ষণ পাওয়ার কথা স্বীকার করেছে তারা।’

আমরুল্লা আরো জানান, ‘আইএস জঙ্গিদের গতিবিধির ওপর নজরদারিতেও পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগ ধরা পড়েছে। খোরাসানে আইএস-এর যে শাখা রয়েছে, সড়কপথে পাকিস্তানে যাতায়াতও আছে তাদের।’

এর আগে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও পাকিস্তানের তীব্র সমালোচনা করা হয়েছিল। জম্মু-কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সামনে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের আনাগোনা রুখতে গত কয়েক বছর ধরে আফগান সীমান্তে বিশাল বাহিনী মোতায়েন করে রেখেছে পাক সরকার। কিন্তু কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে ভারত সীমান্তে সেনা মোতায়েন করতে হতে পারে তাদের। সে ক্ষেত্রে আফগান সীমান্তে মোতায়েন বিপুলসংখ্যক সেনা সরিয়ে নিতে হবে। তাতে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে আফগানিস্তান। পাকিস্তানকে বেপরোয়া, অবিবেচক এবং দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে তারা। আফগান সরকার জানায়, ‘আফগানিস্তান কখনোই পাকিস্তানের পক্ষে বিপজ্জনক নয়। বরং ঠিক উলটোটাই ঘটছে। পাক আশ্রিত এবং পাক মদদপুষ্ট জঙ্গিদের জন্য আফগানিস্তানের স্থিতিশীলতাই নষ্ট হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *