পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ‘আইএস’-এর শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) আইএসের আল-ফুরকান মিডিয়া ১৮ মিনিটের এই ভিডিও প্রকাশ করে। ভিডিওটি চলতি মাসেই ধারণ করা বলে জানায় আল-ফুরকান।
ভিডিওতে দেখা যায়, আইএসনিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চল হারানোর প্রতিশোধ নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন আল-বাগদাদি। তিনি সিরিয়ার বাঘুজে পরাজয় স্বীকার করে নিয়েই এই হুমকি দেন। বাগদাদি বলেন, বাঘুজের যুদ্ধ শেষ হলেও অনেক কিছু বাকি আছে।
ভিডিওর শুরুতে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে আল-বাগদাদি শ্রীলঙ্কায় হামলা, মালি ও বুরকিনা ফাসোয় আইএসকর্মীদের প্রশংসা করেন। আবু বকর আল-বাগদাদির পাশে মুখোশ পরিহিত আইএসের কিছু কর্মীকে বসে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে ইরাকের মসুল থেকে ইরাক ও সিরিয়ার কিছু অংশজুড়ে খেলাফত ঘোষণা করে ভিডিও প্রকাশ করেছিলেন আল-বাগদাদি।


