পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে চলতি সপ্তাহে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৬ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় আকস্মিক বন্যা ও ছাদ ধসে আট শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকার।
এ ছাড়া পূর্ব পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে পূর্ব পাঞ্জাব প্রদেশেও কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের সময় দেয়াল ও ছাদ ধসে আটজন শিশু নিহত হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় বন্যায় ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের মধ্যে ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
এর আগে গত মাসে, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে তীব্র ঝড়ে কমপক্ষে ৩২ জন নিহত হন। বসন্তকালে তীব্র শিলাবৃষ্টিসহ বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনাও ঘটে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি এবং এর ২৪ কোটি বাসিন্দা ক্রমবর্ধমান হারে চরম আবহাওয়ার ঘটনার মুখোমুখি হচ্ছে।
সূত্র: এএফপি


