পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা জানিয়েছে, এরইমধ্যে বিপদসীমার কাছ দিয়ে বইছে দেশের প্রধান তিনটি নদীর পানি। পানি বিশেষজ্ঞের পরামর্শ, বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায়, টাস্কফোর্সের মাধ্যমে বাঁধ সংরক্ষণসহ এখনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের উজানে বিশেষ করে আসাম, মেঘালয় ও হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাত হচ্ছে সপ্তাহ খানেক ধরে। ফলে ব্রহ্মপূত্র, যমুনা, তিস্তা, ধরলা ও দুধকুমর নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে বইছে বেশ কিছু পয়েন্টে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে- ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যা কবলিত হবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা।
প্রতিষ্ঠানটি আরো জানাচ্ছে, সপ্তাহ খানেক পর উত্তরাঞ্চলের বন্যা বিস্তৃত হবে দেশের উত্তর মধ্যাঞ্চলে। তারপর উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা সংলগ্ন জনপদে।
গেলো ১০ বছর জুলাই মাসে বন্যা দেখা দিলেও, এবার ১৫ দিন আগে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগাম বৃষ্টিপাতের কারণ হতে পারে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব। তবে পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত মনে করেন জুন মাসের এই বন্যা স্বাভাবিক।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আপাতত মাঝারি ধরণের বন্যার পূর্বাভাস থাকলেও উজানে বৃষ্টিপাতের ওপর নির্ভর করছে ব্যাপকতা।
/এএ


