আজ মানুষ বিভক্তির দিকে আহ্বান করছে : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : মানুষ আসবিয়্যতের সাথে বিভক্তির ডেকে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আজকে মানুষ আসবিয়্যতের সাথে বিভক্তির দিকে ডেকে চলেছে। এতায়াতী ডাকছে, ওজাহাতি ডাকছে, বিভিন্ন গোষ্ঠী বলে ডাকছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্তির প্রতি কখনো ডাকতেন না। তিনি ডেকেছেন ইয়া উম্মতি বলে। ভলবাসার প্রতি ডেকেছেন।
নবীজীর মতো করেই সাধারণ মানুষকে এক উম্মত বানানোর জন্য আমাদের মেহনত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
১৩ এপ্রিল শনিবার বিকালে মুফতি আবুল কাসেমের সভাপতিত্বে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আকাবিরের চেতনায় উঠে আসার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমরা চেতনা থেকে বঞ্চিত, আমরা চৈতন্যহীন। আকাবিরের চেতনায় আমাদের উঠে আসতে হবে। চেতনার সংজ্ঞা দিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, চেতনা তৈরী হয়, হৃদয়, মেধা ও ইন্দ্রীয় দ্বারা।
জমিয়ত সদস্যদের কাজের প্রতি উদ্বুদ্ধ করে তিনি বলেন, উম্মতকে ফিরিয়ে আনতে দাওয়াত, তালীম, ইনফাক ফি সাবিলিল্লাহ এই তিনটি কর্মসূচি সবাইকে পালন করতে হবে।
মুসলমানদের কাছে বিধর্মীদের আগমনও অবারিত হওয়া উচিত দাবি করে জমিয়ত চেয়ারম্যান বলেন, উম্মতের অবস্থা করুণ, কুয়োর মধ্যে আবদ্ধ করে ফেলেছে আমাদের। অথচ আলেম সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সাথে তুলনা করেছেন অথচ আমরা কুয়োর মত আবদ্ধ হয়ে আছি। এই কুয়োর মত হয়ে থাকে হিন্দুদের, গীর্জার ফাদারদের, হিন্দুদের অচ্ছুৎ স্বভাব আমাদের ভেতর ভর করেছে। যেন কেউ আমাদের কাছে না ঘেঁষে।
মসজিদে ঢুকতেও আজ বাঁধার প্রাচীর তৈরী হয়েছে উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমরা বাঁধা হয়ে দাঁড়িয়েছি। মসজিদে যেন কেউ না আসে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার ছিলেন যে মসজিদে বেদুইন এসে প্রশ্রাব করে দেওয়ার পরও তিনি শান্ত থেকেছেন, ধমক দেননি। আর আমরা কোথায়?
একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমাদেরকে ভালবাসতে হবে, ঈমান হল আল্লাহর সাথে বান্দার ভালবাসা, আর উখওয়াত হল বান্দার সাথে বান্দার ভালবাসা। বান্দার প্রতি বান্দার ভালবাসা বাড়াতে হবে।
এদিকে দেশের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে ও আলোকিত মানুষ গঠনের অভিপ্রায়ে বিকাল তিনটা থেকেই শুরু হয় বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আবুল কাসেম-এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয় পবিত্র কুরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে।তিলাওয়াত করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন মাওলানা মাজহারুল ইসলাম। হামদে বারী তাআলা পরিবেশন করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন, কলরব শিল্পী সাইদুজ্জামান নুর। স্বাগত ভাষন দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন দাবি করে মাওলানা উবায়দুর রহমান বলেন, আল্লামা মাসঊদ সিদ্ধান্ত নিতে ভুল করেন না। মানুষ তাৎক্ষণিক ভুল বুঝেন তাঁকে কিন্তু পরে ঠিকই বুঝতে পারে তিনি ঠিকই বলেছেন।
জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেম ইমাম ও মুফতির স্বাক্ষরসম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়ার বিষয়ে উবায়দুর রহমান বলেন, এক সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ফতওয়া দেওয়ায় অনেকে হাসাহাসি করেছে কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত হওয়ার পরে ঠিকই সবাই বুঝতে পেরেছে। অনেককে গর্ব করতেও শুনেছি।
আল্লামা মাসঊদের মতো আপসহীন আর কোনো আলেম নেই দাবি করে তিনি বলেন, আল্লামা মাসঊদ কখনো অন্যায়ের সাথে আপোস করেন না। এ চেতনা আমরা তাকে চল্লিশ বছর ধরে দেখছি।


