‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিশুর অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সোমবার (১৪ অক্টোবর) শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ-২০১৯ এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জনান। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো।’

প্রতিমন্ত্রী বলেন, শিশুরা বড় হয়ে দেশের নেতৃত্ব দেবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের চালকের আসনে থাকবে আজকের শিশুরাই। শিশুদের অধিকার ও সুরক্ষা শুধু শিশু সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশে আর কোনো শিশু যেন অধিকার বঞ্চিত না থাকে সে পরিকল্পনায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, গত ৭ দিন বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের পদচারণায় মুখরিত ছিল। বিভিন্ন উৎসবের পাশাপাশি শিশু অধিকার, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা বিষয়ে সবাইকে সচেতন করা হয়েছে।

প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, জয়িতা ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থা নির্বাহী পরিচালক কাজল ইসলাম, যাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *