‘আজীবন প্রেসিডেন্ট’ হলেন সি চিন পিং

‘আজীবন প্রেসিডেন্ট’ হলেন সি চিন পিং

ওয়ার্ল্ড ডেস্ক : প্রেসিডেন্ট পদের জন্য নির্দিষ্ট মেয়াদ তুলে দিয়ে ‘আজীবন প্রেসিডেন্ট’ বিল পাস করেছে চীন। এর মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। বলা হচ্ছে, তাঁকে আজীবন প্রেসিডেন্ট রাখার জন্যই এই বিলের প্রস্তাব তোলা হয়।

রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এই বিল পাস করার মধ্য দিয়ে সি চিন পিং আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকছেন। আজ ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির সংবিধানে প্রেসিডেন্ট পদের বিষয়ে পরিবর্তন আনার জন্য এ বিল তোলা হয়।
চীন ১৯৯০ সাল থেকে দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান আরোপ করে। এ বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সংবিধান থেকে প্রেসিডেন্ট পদের জন্য মেয়াদ–ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব ওঠে। ২০২৩ সাল পর্যন্ত সি চিন পিংয়ের মেয়াদ ছিল। সি চিন পিং তাঁর রাজনৈতিক ক্ষমতাকে দিনে দিনে আরও দৃঢ় করেছেন। দলের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের চেয়েও সি চিন পিংয়ের নাম ও রাজনৈতিক আদর্শকে সমুন্নত করতে তাঁর পক্ষে দল সমর্থনও দিয়েছে।
আজ বড় ধরনের কোনো ধরনের বিরোধিতা ছাড়াই বিলটি পাস হয়ে গেছে। অন্যান্য দেশের পার্লামেন্টের মতো কংগ্রেস হচ্ছে চীনের সবচেয়ে শক্তিশালী আইন প্রণয়নের ক্ষমতাবিশিষ্ট প্রতিষ্ঠান। তবে চীনে কংগ্রেসকে ‘রাবার স্ট্যাম্পিং’ প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। এই বিল পাসের মধ্য দিয়ে সেটিই যে প্রমাণিত হলো তা আর বলার অপেক্ষা রাখে না।

কংগ্রেসে কখনো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিপক্ষে ভোট দেওয়া হয় না। কংগ্রেসের ২ হাজার ৯৬৪ জন প্রতিনিধির মধ্যে মাত্র দুজন বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আর তিনজন ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।
তবে, এভাবে ‘আজীবন প্রেসিডেন্ট’ বিধানের বিরুদ্ধে সমালোচনা উঠছে চীনের বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *