আফগানিস্তানে এবার বাসে বোমা হামলাঃ পৃথক স্থানে নিহত ১৩

আফগানিস্তানে এবার বাসে বোমা হামলাঃ পৃথক স্থানে নিহত ১৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাত্র দুইদিন পূর্বে একটি স্কুলকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় ছাত্রছাত্রীসহ অন্তত ৬৮ জন নিহত হওয়ার দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠার আগেই এবার আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলা চালানো হয়েছে।

রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাস বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত ও বহু আহত হয়েছেন। সোমবার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল এ তথ্য জানিয়েছেন।

আহতদের মধ্যে নারী এবং শিশুও আছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।

এই হামলার পর সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে, এতে দুই জন নিহত ও নয় জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবার স্কুলে বোমা হামলার ঘটনায় নিহত অন্তত ৬৮ জনের মাঝে অধিকাংশই ছাত্রী হওয়ায় আন্তর্জাতিক চাপ এড়াতে তালেবানরা তড়িঘড়ি করে এই ঘটনার দায়মুক্তি এবং নিন্দা জানালেও বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, যাত্রীবাহী বাসে বোমা হামলা নিয়ে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করতে রাজি হয়নি তালেবান।

তবে ক্ষমতাসীন আফগান সরকার শনিবারের হামলার পেছনে তালেবানদের দায়ি করেছে।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর থেকেই আফগানিস্তান জুড়ে সহিংসতা দ্রুত বাড়তে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *