পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমরা চাই স্বাধীনতার স্থপতি পরকালে শান্তিতে থাকুক বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, মূর্তি বানিয়ে তাকে অশান্তিতে ফেলার কোন প্রয়োজন নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরস্থ টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার মারকায মোহাম্মদপুর থানা শাখা আয়োজিত বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই বলেন, ইসলাম এসেছে বিজয়ের জন্য। ইসলাম বিজয়ী দ্বীন তথা জীবন ব্যবস্থা। মহান রব্বুল আলামিন নবীয়ে রহমত সা.কে দুনিয়ায় সত্য দ্বীন ও হেদায়থ দিয়ে প্রেরণ করেছেন, যেন সকল মতাদর্শের উপর দ্বীন তথা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। তিনি বলেন, ইসলাম সম্পর্কে জানা না থাকার কারণে বিভিন্ন ব্যক্তিবর্গ ইসলাম নিয়ে কটুক্তি করে। ইসলামী বিধি-বিধানগুলোর কথা বললে তারা না বুঝে ওলামা-মাশায়েখদের উপর চড়াও হচ্ছে। ইসলাম শান্তি ও কল্যাণ শিক্ষা দেয়। শিক্ষা উপ-মন্ত্রী নওফেল-এর ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকায় ধর্মীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানী দিয়ে দেশকে উত্তপ্ত করতে চাইছে। কিন্তু তিনি জানেন না, এদেশ ইসলামের ভিত্তিতেই এবং মুসলমানরাই স্বাধীন করেছিল।
মুফতী ফয়জুল করীম বলেন, সারাবিশ্বে মসজিদের শহর হিসেবে ঢাকার একটি আলাদা খ্যাতি আছে। কিন্তু এ ঢাকাকে কৌশলে একটি মহল মূর্তির শহরে পরিণত করতে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, আরো কারো বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা চাই স্বাধীনতার স্থপতি পরকালে শান্তিতে থাকুক। মূর্তি বানিয়ে তাকে অশান্তিতে ফেলার কোন প্রয়োজন নেই।
আলহাজ্ব দেওয়ান মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এতে উত্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
/এএ


