আমার বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা

আমার বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা

মাহমুদ এলাহী : ‘মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়/ পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়’— তিনি বটবৃক্ষ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছায়া। তিনি বাবা। বাবার তুলনা তিনি নিজেই। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা মানে নির্ভরতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর। সন্তানের প্রতি বাবার ভালোবাসা এতোটাই স্বার্থহীন যে, সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও তাঁরা কুণ্ঠাবোধ করেন না।

আমি যখন বলি আমার বাবা পৃথিবীর সেরা বাবা, সবাই তখন চোখ কপালে তুলে বলে— ‘আসলে সব সন্তানের কাছেই তার বাবা সেরা বাবা।’

আমি কারো কথা মানি না। যুক্তি দিয়ে তাদের বুঝিয়ে দিতে চাই সত্যিই আমার বাবা পৃথিবীর সেরা বাবা। বিল গেটস তার ইনকামের কত শতাংশ তার সন্তানের জন্য খরচ করে? ১০ শতাংশ, ৩০ শতাংশ কিংবা ৯০ শতাংশ? মনে হয় না এতো খরচ করে। আর আমার বাবা তার সন্তানের জন্য তার আয়ের ১০০ শতাংশ খরচ করেও যখন দেখে আরো দরকার তখন শেষ সম্বল যতটুকু জমি ছিল তা বিক্রি করে দেয়।

শাহরুখ খান তার ছেলে আরিয়ান আর মেয়ে সোহানার মুখের দিকে তাকিয়ে ধূম পান ছেড়ে দিতে পারেনি। আর আমার বাবাকে একদিন ছোটবেলা আমি বলেছিলাম বাবা আমাকেও একটা দাও আমি খাই। সেই কথা শুনেই বাবা ধূম পান ছেড়ে দিলেন। আর কোন দিন ধূম পান করেন নি। এখন ঢাকার রাস্তায় প্লাস্টিকের এক ধরনের ঝাড়বাতি পাওয়া যায় আমার বাবা সেটা আমাকে দিয়েছেন আজ থেকে ১৩ বছর আগে। এখনো শহরের ছেলে মেয়েদের কাছে রুপকথা মনে হতে পারে এমন জিনিসও করেছেন। অন্ধকারে লেখার জন্য আমার বাবা আমাকে আজ থেকে ১২ বছর আগে এমন একটা কলম কিনে দিয়েছিলেন যে সেটার নিব(মাথা) দিয়ে আলো বের হতো।

আমার বাবাকে তাই আমি পৃথিবীর সেরা বাবা বলি। আমার বাবা হিমুর বাবার মত নয়। তবে তিনিও বলেন চোখের আড়াল মানেই মনের আড়াল। বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমার বাবা বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী। যতটুকু আরাম আয়েশ করা যায় যা ইচ্ছে করে তা কেনার বা করার সামর্থ থাকলে সেটা করতে হয়। আমার বাবার খুব বেশি টাকা নেই। একটা মাদ্রাসার শিক্ষক তিনি। বেতন কত আর হবে এই ছয় কি সাত হাজার। আমার বাবা তারবাবার কাছ থেকে কিছু জমি পেয়েছিলেন। ছেলে মেয়েকে মানুষ করতে তিনি সেটা বিক্রি করে দিতে কুন্ঠা বোধ করেননি। হয়তো কারো কারো বাবা তাকে কোটি কোটি টাকা দিয়ে বলছেন, যে যা কানাডা আমেরিকা ঘুরে আয়। আমার বাবা সেটা বলেন নি। তার সেই সামর্থ নেই। তবে তিনি সাধ্যের ভিতরে যতটুকু পেরেছেন করেছেন। তিনি আমাকে দেশের ৪৬ টি জেলাতে ঘুরিয়েছেন।

অন্যের বাবা মা যখন তাদের সন্তানকে টাকা দিয়ে ভালবাসেন, আমার বাবা তখন আমাকে অন্তর দিয়ে ভালবাসেন। পৃথিবীর সব মানুষ তার মায়ের পেট থেকে জন্মেছে আর আমি জন্মেছি আমার বাবা মায়ের হৃদয় থেকে। আমি আমার বাবাকে খুব ভালবাসি এই কথাটা কোন দিন আমি আমার বাবাকে বলিনি। বাবা আমাকে বিশ্বাস করে বলেছে ‘আমার সম্মান টুকু ছাড়া আর কিছু নেই, এমন কিছু করো না যে সেটাও না থাকে।’

আমি সেই কথার ওপর দাঁড়িয়ে পার করেছি জীবনের এতটা বছর। সবাই যখন নামাজ পড়ে দোয়া করে বাবা মাকে সুখী করো, আমি তখন দোয়া করি আমার জীবনের সব হায়াত নিয়ে হলেও আমার বাবা-মাকে দীর্ঘায়ু দান করো। কোন প্রকার দুঃখ হতাশা রোগ ব্যাধী যেন আমার বাবা মাকে স্পর্শ না করে। আমার পরিবারের সব চাপ নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়াই তবুও আমি আমার বাবা মায়ের ওপর যেন কোন চাপ না আসে সেটা চেষ্টা করি। তারপরও পারি না। যখন পরিবারের অন্য একজন কোন সমস্যায় পড়ে আমি সেটা সামলে ওঠার চেষ্টা করলেও পেরে উঠি না। তখন বাবাকে জানাতে হয়। বাবা তার কলিজা ছিড়ে যে রক্তক্ষরণ হয় তা অন্যকে বুঝতে না দিয়ে সাধ্যমত চেষ্টা করেন। আমার বাবাকে শ্রেষ্ঠ বাবা বলবো না তো কার বাবাকে শ্রেষ্ঠ বলবো?

—আমার বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *