আরও দুই শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ
পাথেয় রিপোর্ট :: আরও দুই শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে দেশ। কেবল কুয়াশাচ্ছন্নতাই নয়, আসবে বৃষ্টিও। চলতি মাসে সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহে ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে।
১০ জানুয়ারির পর মাসের মাঝামাঝি একটি মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষদিকে আসবে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ। তখন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে আসতে পারে।
বৃহস্পতিবার (২ জানুয়রি) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শৈত্যপ্রবাহ ও সরকারের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সামছুউদ্দিন আহমেদ। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।


