নিজস্ব প্রতিবেদক : আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বদিউর রহমানের বিরুদ্ধে এক কোটি আটষট্টি লাখ আটত্রিশ হাজার আটশত টাকা নিয়ম বহির্ভূতভাবে পাচারের ঘটনায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদি হয়ে তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে সিঙ্গাপুরে পাঁচ লক্ষ সিঙ্গাপুরি ডলার সমমূল্যের বাংলাদেশি ১,৬৮,৩৮,৮০০ টাকা বিনিয়োগ করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২(ক) ও ২(ফ) ধারায় অপরাধ করেছেন। মামলার অভিযোগের বিবরণীতে বলা হয়, বদিউর রহমান ১৯৯৫ সাল থেকে অদ্যবধি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর পরিচালক হিসেবে সংশ্লিষ্ট রয়েছেন। তাছাড়া তিনি ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


