আলজেরিয়ায় ভয়াবহ দাবানলঃ ২৫ সেনাসহ নিহত ৪২

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলঃ ২৫ সেনাসহ নিহত ৪২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলজেরিয়ায় এক ভয়াবহ দাবানলে ২৫ সৈন্যসহ ৪২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

সোমবার রাত থেকে আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলগুলোতে কয়েক ডজন পৃথক দাবানল শুরু হয়, এতে রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় পর্বতময় কাবিলি অঞ্চল ঘন ধোঁয়ায় ঢাকা পড়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সকে সহায়তা করার জন্য সৈন্যদের সেখানে মোতায়েন করা হয়েছিল, এর মধ্যেই মঙ্গলবার ঐ মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছি। এ ছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করা হচ্ছে বলেও জানান তিনি।

দাবানলের পেছনে অজ্ঞাত অপরাধীদের দায়ী করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুউদ বলেন, “বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি দাবানল একযোগে শুরু হওয়ার পেছনে কেবল অপরাধীদের হাতই থাকতে পারে।”

তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বায়ুমণ্ডল পর্যবেক্ষক দল বলেছিল, তাপদাহের কারণে তুরস্ক ও গ্রিসের বনগুলো বিশাল আগুনে ছেয়ে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চল একটি দাবানলের হটস্পটে পরিণত হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাসদস্যদের কারণে দাবানলের কবল থেকে নারী ও শিশুসহ ১১০ জন মানুষ রক্ষা পেয়েছেন। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আরও ১৪ সেনাসদস্য আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *