পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেক ও এক হওয়ার স্লোগান নিয়ে—মানুষের হৃদয়কে ঈমানের স্বাদে তৃপ্তিময় করা ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা।
বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত এই ইসলাহী ইজতেমায় উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল্লাহর রহমতে আমাদের ইজতেমার কার্যক্রম শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাদ আসর থেকে। ইজতেমায় উদ্বোধনী বয়ান রাখবেন বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, পবিত্র কুরআনী তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লিরা।
বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে আল্লাহ তাআলার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং আমলী জিন্দেগী গঠনের দাওয়াত নিয়ে দেশবরেণ্য আলেম উলামাদের উপস্থিতিতে শুরু হয়েছে আমাদের ইজতেমা। শুক্রবার থেকেই ইজতেমায় অবস্থান করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। শনিবার (৪ ডিসেম্বর) আসরের নামাজের পূর্বে ইজতেমার আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।
তিনি আরও বলেন, দ্বীনী এই বরকত মজলিসে আমরা আসি, কিছু সময় ইবাদাত বন্দেগীতে কাটাই, রোনাজারি করে আল্লাহর কাছে মাফি চাই। আল্লাহ আমাদের কবুল করুন।



