আল্লাহকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে : আল্লামা মাসঊদ

আল্লাহকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লাহ তাআলাকে পেতে কোন মাধ্যম লাগে না, আল্লাহকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, বান্দা যখন আল্লাহকে পেতে চেষ্টা করে, আল্লাহকে ডাকে, তখন আল্লাহ নিজেই এসে বান্দার কাছে ধরা দেন। আল্লাহ বান্দার চেষ্টা ও তার নাম ডাকে পছন্দ করেন। তাই যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, সে অবশ্যই একদিন আল্লাহকে পেয়ে যাবে। আর যে আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়া ও আখেরাতে তার কোন পেরেশানি থাকবে না। শান্তি-সুখেই বসবাস করবে।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় ফরিদপুরের ভাঙ্গার মাদানী নগর মাদরাসায় বাংলাদেশ জমিয়তুল উলামা ফরিদপুর জেলা শাখা আয়োজিত ইসলামী প্রোগ্রামে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ. এর খলিফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আমাদের এই ইসলাহী সফর ও প্রোগ্রামের একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, যে আল্লাহকে পায়নি সে দুনিয়ার সব পেলেও মূলত কিছু পায়নি, আর আখেরাতে তো বিন্দু পরিমাণ কিছু পাবে না। কিন্তু যে আল্লাহকে পেয়েছে, সে দুনিয়াতে সব পাবে, আখেরাতেও জান্নাত পাবে। ফেরাউন দুনিয়ার সব পেয়েছিল, কিন্তু আল্লাহকে পায়নি বলে সাগরে ডুবে করুণভাবে মৃত্যু হয়েছে। এদিকে হযরত বেলাল (রা.) ইসলাম গ্রহণ করার আগে সর্বদিক থেকে খুব হেয় ছিলেন। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহকে পেয়ে গেলেন, তখন থেকে তিনি সম্মানিত হতে লাগলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন আমরা তাঁকে চিনি। তিনি আমৃত্যু লড়াই করে গেছেন ইসলামের জন্য।

তুমি বড় কোন গুনাহের সঙ্গে জড়িয়ে থাকলেও সর্বদা আল্লাহকে ডাকতে থাকো উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, যদি তুমি মদখোর, সুদখোর, জুয়াখোর, ব্যভিচারী হয়ে থাকো, তবুও আল্লাহকে ডাকতে থাকো। দেখবে একদিন তুমি আল্লাহর নামের ডাকের বরকতে এসব পাপাচার থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু আল্লাহ ঠিকই থেকে যাবে। তুমি আল্লাহকে পেয়ে যাবে।

এছাড়াও করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে মহামারি থেকে মানুষকে রক্ষা করতে মহান আল্লাহর কাছে দু’হাত তুলে ফরিয়াদ জানিয়েছেন আল্লামা মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *