আসেন সবাই মিলে ভালো হয়ে যাই : গণপূর্তমন্ত্রী

আসেন সবাই মিলে ভালো হয়ে যাই : গণপূর্তমন্ত্রী

পাথেয় রিপোর্ট : সবাইকে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই। তিনি বলেন, আমি নিজে ঘুষ খাই না, কমিশন নেই না, কাউকে ঘুষ খেতে দেবো না, কমিশন খেতে দেবো না।

গণপূর্তমন্ত্রী বলেন, সিন্ডিকেটের ব্যুহ আমি ভেদ করবোই, এটা আমার আত্ববিশ্বাস। ব্যুহ ভেদ করতে না পারলে আমি হারিয়ে যাবো অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে তারা হারিয়ে যাবে। সিন্ডিকেটের ব্যবসা কেউ করতে চাইলে তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সেবা সহজীকরণ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, শুনতে চাই কারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। জানতে চাই কাদের কারণে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বুঝতে চাই মানুষ কতটা সেবা পাচ্ছে। কারণ, আমাদের দায়িত্ববোধের জায়গা আমরা এড়িয়ে যেতে পারি না। তিনি বলেন, আমরা আসবো যাবো, কাঁধে কোনো দায় নেবো না, এটা হতে পারে না। যারা সচ্ছতার সঙ্গে কাজ করবেন, তারা চাকরিতে থাকবেন। যারা অস্বচ্ছ হবেন, দুর্নীতির সঙ্গে থাকবেন, তাদের চাকরি ছেড়ে বাড়ি চলে যেতে হবে অথবা অন্য কোথাও চলে যেতে হবে। আমি যতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি চাইব মন্ত্রণালয়সহ দপ্তর-সংস্থার সবাইকে সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রেজাউল করিম বলেন, আবাসন নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন। সেই লক্ষ্যে শেখ হাসিনা সরকার কাজ করছে। যখন দেখি নাগরিকরা আমলাতান্ত্রিক জটিলতায় অথবা রাজনৈতিক ব্যক্তিদের কাঙ্ক্ষিত আচরণ না পেয়ে অসহায় অবস্থায় ঘুরছে, তখন মনে হয় ওই জায়গায় আমি থাকলে একই কষ্ট আমার হতো। সেজন্য দীর্ঘসূত্রিতার অবসান ঘটাতে হবে, মানুষের ভোগান্তির অবসান ঘটাতে হবে, সেবাকে সহজ করতে হবে, স্বচ্ছতা আনতা হবে, সততা আনতে হবে। সুশাসন যদি আমরা নিশ্চিত করতে না পারি, মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে না, নাগরিকগণ মৌলিক অধিকার পাবে না। যারা দায়িত্বে আছি সকলকে ভাবতে হবে জনগণ মালিক, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *