ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে রাশিয়া।

ওই হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন জানিয়ে মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে। তবে মস্কোর এ অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অবশ্য দোনেস্কে হামলা বা হতাহতের বিষয়ে ইউক্রেনকে দোষারোপ করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রমাণ সামনে আনেনি। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছেন।

সোমবার রুশ গণমাধ্যম জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র দোনেস্কের কেন্দ্রে আঘাত হানে এবং এতে ২০ জন নিহত ও আরও অনেকে আহত হন। এই ঘটনার জন্য কিয়েভকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে দেশটি।

অন্যদিকে রাশিয়ার এ অভিযোগের জবাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, হামলায় ব্যবহৃত মিসাইলটি ‘নিঃসন্দেহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র’ ছিল।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র লিওনিদ মাতিউখিন বলেন, এটি নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে এই হামলাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ব্যবহার করার অভিযোগও সামনে আনে তিনি।

দনেস্ক মূলত রুশপন্থি বিদ্রোহী-নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোর একটি যেখানে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ২০১৪ সাল থেকে লড়াই চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *