পাথেয় রিপোর্ট (বরিশাল অফিস) : জেনারেল ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পরিচালিত ইকরা বাংলাদেশ স্কুল বরিশাল শাখার সবক উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। সবক উদ্বোধনী মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের আধুনিক পাঠদানের মাধ্যমে ইতিমধ্যেই বিশেষ সুনাম অর্জন করেছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ইকরা বাংলাদেশ বরিশাল শাখার সবক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।
এসময় তিনি ইকরা বাংলাদেশ স্কুলের শিক্ষক ও পরিচালনা পর্ষদের পরিশ্রম ও সফলতার কথা উল্লেখ করে অভিভাবকদেরও কৃতজ্ঞতা জানান।
নতুন বছরে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সবক অনুষ্ঠানের সূচনা করেন তিনি। প্রতিটি শিশুই যেন তাদের পাঠে মনোযোগী এবং বাবা-মা ও শিক্ষকদের প্রতিটি আদেশ-নিষেধ মেনে চলে তার উপর উদ্বুদ্ধ করেন। শিশুরা সুন্দর ও কোমল তাদের সাথে শিক্ষকরাও যেন কোমল ও নরম আচরণ করেন এ দিকেও শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করেন বরিশালের সর্বজন শ্রদ্ধেয় এ আলেম।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং পরিচালনা পর্ষদের সর্বাত্মক প্রচেষ্টাতেই ইকরা বাংলাদেশ বরিশাল স্কুল এমন সুনাম অর্জন করেছে বলে বক্তব্যের শেষে আবারও সকলকে ধন্যবাদ জানান মুফতি ফয়জুল করিম।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ইকরা বাংলাদেশ বরিশাল শাখার প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মুহাম্মাদ ইয়াহইয়া। এসময় স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মান্যবর ব্যক্তিরা উপিস্থত ছিলেন।
প্রসঙ্গত, ইকরা বাংলাদেশ স্কুলের কেন্দ্রীয় প্রধানসমন্বয়ক মাওলানা সদরুদ্দীন মাকনুনের দীর্ঘদিনের প্রচেষ্টায় ২০১৯ সালে যাত্রা শুরু করলো বরিশাল ইকরা শাখা। মাওলানা মাকনুন পাথেয় টোয়েন্টিফোরকে বলেছেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক জেলায় জেলায় ইকরা প্রতিষ্ঠা করার কাজ হাতে নিয়েছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সফল হবো।


