ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে কন্টে জানান, মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন। এদিন স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিপরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে নিজের ইচ্ছার কথা জানাবেন তিনি।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাওয়ার কথা রয়েছে গুইসেপ কন্টের।

কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই সোমবার গুইসেপ কন্টের পদত্যাগের ঘোষণা এলো।

করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইতালি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ মহামারিতে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন গুইসেপ কন্টে।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিতর্কের জেরে গত ১৩ জানুয়ারি গুইসেপ কন্টের জোট সরকার থেকে বেরিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি-র ইটালিয়া ভিভা পার্টি। ফলে সিনেটের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার দুর্বল হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালিতে ক্ষমতায় এসেছে ৬৪ টি সরকার। সর্বশেষ ২০১৮ সালের জুনে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কন্টে। ইতালিতে ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও অভিবাসন দেখভালের বিরোধিতাকারী প্রথম সরকারের প্রধান তিনি শপথ নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *