ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। শনিবার (২৬ জুন) কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ হাজার ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে করোনা শনাক্তের ঘটনা এটিই সর্বোচ্চ।

দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে সম্প্রতি দৈনিক সংক্রমণের সংখ্যা সাময়িকভাবে প্রায় দুই হাজার ৪০০-তে নেমে এসেছিল। তবে এ মাসের গোড়ার দিক থেকে সেটি আবারও বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার একদিনে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ ২১ হাজার ৯৫ জনের করোনা শনাক্ত হয়।

কর্তৃপক্ষের ধারণা, মে মাসে টানা কয়েকটি ছুটির দিনে বেড়ে যাওয়ায় লোকজনের মধ্যে ভ্রমণের প্রবণতা বেড়েছে। এতে করে সংক্রমণও বেড়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে করোনার অধিক সংক্রামক স্ট্রেইন হিসেবে পরিচিত ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। কোভিডের এই বাড়বাড়ন্তে চাপে পড়েছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা। রাজধানী জাকার্তায় কোভিড-১৯ রোগীর জন্য সংরক্ষিত হাসপাতাল শয্যাগুলোর ৯০ শতাংশ ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *