ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়াল

ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় এই মহামারিতে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। বুধবার (৪ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় ভারতের পর ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে।

কয়েক সপ্তাহ ধরে বিশ্বে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে থাকার পর বুধবার (৪ আগস্ট) দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে ১ হাজার ৭৪৭ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু এক লাখ ৬৩৬ জনে পৌঁছেছে বলে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মহামারির শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল-সহ বিশ্বের যে ১১টি দেশে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়েছে; এবার ইন্দোনেশিয়া সেই তালিকায় যুক্ত হলো। ইউরোপ, আমেরিকা থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির করোনার উপকেন্দ্রে পরিণত হওয়ার চিত্র তুলে ধরেছে লক্ষাধিক মানুষের এই মৃত্যু।

দৈনিক করোনা সংক্রমণ যুক্তরাষ্ট্রের তুলনায় ইন্দোনেশিয়ায় কম হলেও টিকাদানের নিম্নহার এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা এই ভাইরাসে মানুষের মৃত্যুর হার বৃদ্ধি করেছে। দেশটির ২৭ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৮ শতাংশ মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনা হয়েছে; যা যুক্তরাষ্ট্রের তুলনায় অর্ধেকেরও অনেক কম বলে ব্লুমবার্গের ভ্যাকসিন ট্র্যাকারের তথ্য বলছে।

পার্কিং লটে অতিরিক্ত শয্যা স্থাপন ও হাসপাতালে শুধুমাত্র গুরুতর অসুস্থদের ভর্তির সিদ্ধান্ত নেওয়ায় অনেকে দেরীতে চিকিৎসা নেওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বড় বড় ভবনগুলোকে আইসোলেশন সেন্টারে পরিণত করা হলেও অসুস্থ রোগীদের চিকিৎসা দিতে প্রচণ্ড চাপের মুখে পড়ে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা।

ল্যাপর কোভিড-১৯ এর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে অতিরিক্ত চাপের মুখোমুখি হওয়া হাসপাতালগুলোতে সরকার শুধুমাত্র তীব্র অসুস্থদের চিকিৎসা নিতে আসার আহ্বান জানানোয় হাসপাতালের বাইরে অথবা বাড়িতে যারা আইসোলেশনে ছিলেন; তাদের মধ্যে কমপক্ষে ২ হাজার ৮৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *