পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েল ও লেবাননের মধ্যে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ চলছে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংস বন্ধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যে কারণে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষই অব্যাহত রেখেছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে, লেবাননের ভূখণ্ডে এ বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২১ জনে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের ধারাবাহিক হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন আরও ৭ হাজার ৮০৪ জন। সর্বশেষ দুই দিনেই ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা পরিচালিত হয়।
আনাদোলু এজেন্সির বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হামলাটি সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর আঘাত হানে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। হিজবুল্লাহ আরও দাবি করেছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তার প্রতিবাদে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে।


