পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘ইহলোকে আল্লাহের আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়’ স্ট্যাটাস দিয়ে বলিউড ছেড়েছিলেন আগেই বলিউড অভিনেত্রী সানা খান। এবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন সানা খান। গুজরাটের সুরাটে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তার। বিয়েতে সাদা গাউনের সঙ্গে হিজাব পরেছিলেন সানা। আর তার বর মুফতি আনাস পরেছিলেন সাদা কুর্তা-পাজামা-টুপি।
বিয়ের অনুষ্ঠানে সানা ও আনাসকে কেক কেটে উপযাপন করতেও দেখা গেছে। মাওলানা মুফতি আনাস গুজরাটে একজন সুপরিচিত আলেম বলে জানা গেছে।
চলতি বছরের অক্টোবরে ১৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে ইতি টেনে ইসলাম ধর্ম অনুসরণ করবেন বলে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সানা খান। গত ৮ অক্টোবর রাতে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান।
নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানালেন সানা। নিজের টুইটার এবং ফেসবুক পেজেও সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান বলে জানান।
সানা খান তার পোস্টে লিখেছিলেন, ‘ ‘ইহলোকে আল্লাহের আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। তাই আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব। আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সমস্ত ভাইবোনদের অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।’
উল্লেখ্য, সানা খান ২০১২-১৩ সালে বিগ বসের মঞ্চে সিজন ৬-এর ফাইনালিস্ট ছিলেন। তখনই মূলত তিনি তার খ্যাতির শীর্ষে পৌঁছান। তারও আগে ২০০৫ সালে তিনি শোবিজে পা রেখেছেন। তিনি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করেছেন। সালমান খানের সঙ্গে করা ‘জয় হো’ তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি। এ ছাড়া তার অভিনীত ইরোটিক থ্রিলার ‘ওয়াজাহ তুম হো’ও বিশেষভাবে উল্লেখযোগ্য। সানাকে শেষ দেখা গিয়েছে হটস্টারের ‘স্পেশ্যাল ওপস’ ওয়েব সিরিজে।
/এএ


