পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলা ট্যাংগর এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে তারা এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান।
নিহতরা হলেন-
সুলতান মাহমুদ (২৮), ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক
রিফা রেসা (২৪), গার্মেন্টস কর্মী ও সুলতানের চাচাতো বোন
নার্গিস আক্তার (৪২), গার্মেন্টস কর্মী
নিরব (১২), নার্গিস আক্তারের ছেলে
দোলা বেগম (৪৫), পরিবারের প্রতিবেশী এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপথে তাদের বহনকারী বাসের তেল শেষ হওয়ায় তারা সন্ধ্যার পর সড়কের পাশে নেমে রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন চলে আসে এবং সরে যাওয়ার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতদের অধিকাংশ ঢাকার পোশাক কারখানায় কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় পরিবারগুলো উপার্জনক্ষম সদস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন জানিয়েছেন, নিহতরা দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন।
এলাকার মানুষ ও স্বজনরা শোকাহত। নিহতদের লাশ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া ও দাফনের প্রস্তুতি চলছে।


