ঈদের কেনাকাটায় ক্রেতা প্রতারিত হলে কঠোর ব্যবস্থা

ঈদের কেনাকাটায় ক্রেতা প্রতারিত হলে কঠোর ব্যবস্থা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের পোশাক কেনাকাটায় ক্রেতারা প্রতারিত হলে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার কাওরান বাজারস্থ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তৈরি পোশাকের বিভিন্ন ব্র্যান্ড ও বুটিক হাউজের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ কথা বলেন।

সভায় অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ঈদ উপলক্ষে একই পোশাকের দাম অন্যান্য সময়ের তুলনায় বাড়িয়ে দেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা, এক ধরনের পোশাকে ভিন্ন ভিন্ন দামের ট্যাগ লাগানো, ছিট কাপড়ের ক্ষেত্রে মিটারের পরিবর্তে গজের ব্যবহার এবং আসল বলে নকল কাপড় বিক্রির অভিযোগ পেলে ভোক্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পোশাকের মোড়কের গায়ে খুচরা মূল্য না লেখা, খুচরা মূল্য ঘষামাজা বা কাটাকাটি করে বেশি মূল্য নির্ধারণ, পুরোনো মূল্যের ওপর নতুন স্টিকার লাগিয়ে বেশি দাম নেওয়া, শতভাগ কটন ঘোষণা দিয়ে তাতে ভেজাল দেওয়া, কাটা-ফাটা পোশাক বিক্রি করা, সময়মতো কাপড় পরিবর্তন করে না দেওয়ার বিষয়ে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ভোক্তারা কাপড় কিনে কোনোভাবে প্রতারিত হলে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, কোন শপিংমলে অনিয়ম পেলে মার্কেট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, বিদেশি পোশাক ও প্রসাধনীর ক্ষেত্রে আমদানিকারকের নাম ও সিল থাকতে হবে। তিনি বলেন, ‘আমরা চাই, সবাই আইন মেনে ব্যবসা করুক। ভোক্তারা যেন ন্যায্যমূল্যে পণ্য পান।’

মতবিনিময় সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি, আড়ং, আর্টিসান, অঞ্জনস, টপ টেন, লুবনান, গরদোলা, রঙ বাংলাদেশসহ বিভিন্ন পোশাকের ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *