পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল মঙ্গলবার (০৩ মে)। ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতর বলছে, এখন ঝড়-বৃষ্টির মৌসুম। যেকোনও সময় বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। ঈদের দিন সারা দেশে কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকায় সকালের দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা রয়েছে, আর বিকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গণমাধ্যমে বলেন, ‘ঈদের দিন কমবেশি দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা আবার কোথা ভারী বৃষ্টি হতে পারে। তবে তা হবে থেমে থেমে। ঢাকায় সকালের দিকে বৃষ্টি হলেও তা হবে হালকা। কিন্তু বিকালের দিকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, আজ সোমবার (২ মে) ভোর রাতেও ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। এ কারণে গত দুই দিনের ভ্যাপসা গরম এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। স্বস্তি মিলেছে জনজীবনে।


