পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন ঈদুল আজহার পরেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আজ (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যৌথ বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক্ষেত্রে ৪টি শর্তারোপ করা হয়েছে।
দেশে শিগগিরই শুরু হবে চীনা ভ্যাকসিনের প্রয়োগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, চলতি জুনের শুরুতেই চীনা টিকার প্রয়োগ শুরু হবে। প্রথমেই দেওয়া হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ২১ থেকে ২৮ দিন পরেই এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যায়। সেই হিসেবে ঈদের আগেই শিক্ষার্থীদের টিকা গ্রহণ শেষ হবে।
মূলত এই পরিকল্পনা সামনে রেখেই ঈদের পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। খোলার আগে যে ৪ শর্ত পূরণ করার কথা বলা হয়েছে, সেখানেও বলা হয়েছে টিকাদান নিশ্চিত করার কথা। পরিস্থিতি পর্যালোচনা করে কিছুদিনের মধ্যেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় খোলার আগে যে ৪টি শর্ত পূরণ করতে বলা হয়েছে, সেগুলো হলো-
১. অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে হবে। প্রথমে দেওয়া হবে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের।
২. ইতোপূর্বে ইউজিসি কর্তৃক অনলাইনে পরীক্ষা গ্রহণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তার ওপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করা হবে।
৩. বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গেই আবাসিক হল খোলা হবে না। শতভাগ টিকা গ্রহণ সম্পন্ন হওয়ার পরই খোলা হবে আবাসিক হল।
৪. করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়ে গেলো, তা পুষিয়ে নিতে একটি রিকভারি প্ল্যান প্রস্তুত করে তা কার্যকর করা হবে।


