উগান্ডা সীমান্তে জঙ্গি হামলায় নিহত ১৯

উগান্ডা সীমান্তে জঙ্গি হামলায় নিহত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডা সীমান্তের কাছে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে বেনি শহরের কাছে ওইচার নিকটবর্তী বনাঞ্চলীয় গ্রাম মালেকিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করা হয়েছে।

এডিএফ উগান্ডার একটি ইসলামপন্থি গোষ্ঠী হলেও গত কয়েক দশক ধরে কঙ্গোতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। গত মাসে কঙ্গোর সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, এরপর থেকে এডিএফের জঙ্গিরা ১৪ বার হামলা চালিয়ে অন্তত ৮০ জনকে হত্যা করেছে।

বেনি অঞ্চলের প্রশাসক ডোনাট কিবউয়ানা জানান, প্রাথমিক অনুসন্ধানে ১৯ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, ঘটনাস্থলে ফিরলে ফের হামলার শিকার হতে পারে বলে শঙ্কিতবোধ করছে নিহতদের পরিবারের সদস্যরা। তবে এ হামলার বিষয়ে এডিএফের কোন মন্তব্য পাওয়া যায়নি। এর আগে এডিএফের বেশ কয়েকটি হামলার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছিল, কিন্তু গোষ্ঠী দুটির ঘনিষ্ঠতার মাত্রা অজানাই রয়ে গেছে।

এদিকে এডিএফের ধারাবাহিক হামলার মুখে সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। দুই বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওইচা থেকে ২০ কিলোমিটার দক্ষিণের শহর বেনিতে বিক্ষোভ করেছে তারা। লোকজনকে রক্ষার জন্য সেনাবাহিনী ও জাতিসংঘ বাহিনী যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *