উত্তরাঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি

উত্তরাঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে বৃষ্টি হচ্ছে। বুধবারও রংপুরের বেশির ভাগ স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, একইসঙ্গে উত্তরাঞ্চলসহ কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকাসহ দেশের ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবারও তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও সিলেট ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে নাজমুল হক বলেন, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলে রাজারহাটে, ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *