উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে তবুও আপোষ নয় : সিইসি

উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে তবুও আপোষ নয় : সিইসি

পাথেয় রিপোর্ট : অনিয়ম হলে প্রয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ করে দেওয়া হবে কিন্তু অনিয়মের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে আগাম হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

অনিয়মের ব্যাপারে ইসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জানিয়ে নূরুল হুদা বলেন, নির্বাচনে কোনো অনিয়মের সঙ্গে আপোষ করা হবে না। মানুষ ভোট দেবে তার পছন্দের প্রার্থীকে, সেই প্রার্থীই ভোটে নির্বাচিত হবেন।প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে। নির্বাচনে কে কোন দলের বা গোষ্ঠীর তা দেখা হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর।

জাতীয় নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ বিএনপি করেছে তার বেশিরভাগই ক্ষেত্রেই সঠিক নয় বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান।

কে এম নূরুল হুদা বলেন, যদি কোনো রিটার্নিং অফিসার মনে করেন যে, তার সম্পূর্ণ উপজেলায় নির্বাচন করার পরিবেশ নেই। তবে সেটা বন্ধ করে দেওয়ার সুপারিশ করবেন। কমিশন সেটা বন্ধ করে দিতে পারবেন। যদি কখনো কোনো জায়গায় কোনো প্রার্থীর, দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনা সৃষ্টি করে বা নির্বাচন রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণের বহির্ভূত হয়ে যাবে এমন কিছু হলে পুরো উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। কিন্তু নির্বাচনে কোনো রকম অনিয়মের সঙ্গে আপোষ করা যাবে না। ভোটারের পছন্দের প্রার্থী বিজয়ী হবে। প্রার্থী কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। ভোটার যাকে যোগ্য মনে করবেন তিনিই হবেন তাদের নির্বাচিত প্রার্থী।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিইসি বলেন, এজেন্টদেরকে নিয়ে সব সময় আপনাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। নির্বাচনে প্রার্থীরা যাতে ভোটকেন্দ্রে এজেন্ট দেন সে জন্য তাদেরকে উৎসাহিত করবেন। এজেন্টরা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এজেন্ট থাকা এবং যাওয়ার দায়িত্ব তো আপনারা নিতে পারেন না। প্রার্থীদেরকে উৎসাহিত করবেন যাতে তারা এজেন্ট দেয়। এজেন্টরা যাতে সেখানে নিরাপদে নির্ভয়ে থাকতে পারে এটা দেখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *