উষ্ণতার দাবানলে জর্জরিত ইউরোপ : মানবতার নির্মম সতর্কবার্তা

উষ্ণতার দাবানলে জর্জরিত ইউরোপ : মানবতার নির্মম সতর্কবার্তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবহাওয়ার ইতিহাসে ইউরোপকে সবসময় তুলনামূলক নিরাপদ অঞ্চল বলা হতো। হারিকেন, ঘূর্ণিঝড়, মৌসুমি বর্ষা বা ধুলিঝড়—এসবের মাশুল দিতে হতো না তাদের। অথচ আজ সেই ইউরোপই দাঁড়িয়ে আছে এক ভয়াবহ বাস্তবতার সামনে। পৃথিবীর অন্য যেকোনো মহাদেশের চেয়ে দ্রুত হারে ইউরোপের তাপমাত্রা বাড়ছে, যেন ধীরে ধীরে এক দাহ্য অগ্নিশিখায় রূপ নিচ্ছে এই মহাদেশ।

১৯৯৫ সালের পর থেকে প্রতি দশকে ইউরোপের গড় তাপমাত্রা বেড়েছে ০.৫৩ ডিগ্রি সেলসিয়াস—যা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি। এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয়; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর এক সতর্কবার্তা।

দাবানলের বিভীষিকা

গত গ্রীষ্মের ইউরোপ যেন আগুনের লেলিহান শিখায় বন্দি হয়ে পড়েছিল। জুনে উত্তর ইউরোপ আর আগস্টে দক্ষিণ ইউরোপ—উভয় অঞ্চলেই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। বনভূমি পরিণত হয় ছাইয়ের স্তূপে, জনপদ ছেড়ে পালায় হাজারো মানুষ।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের হিসাব অনুযায়ী, শুধু এ বছরই প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা গত এক যুগের গড়ের চারগুণের বেশি। পর্তুগালের ভূখণ্ডের প্রায় ৩ শতাংশ আগুনে ভস্মীভূত হওয়া কিংবা স্পেনে লাখো মানুষের ঘরবাড়ি ছেড়ে পালানো—সবই মানবজাতিকে প্রশ্নের মুখে দাঁড় করায়: আমরা কি সত্যিই আমাদের সভ্যতার স্থপতি, নাকি ধ্বংসের কারিগর?

মানুষই কি আগুনের জ্বালানি?

গবেষণা বলছে, ইউরোপের দাবানলের ৯৬ শতাংশই প্রাকৃতিক কারণে নয়, বরং মানবসৃষ্ট। কখনও অবহেলা, কখনও দুর্ঘটনা, আর অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। চারণভূমির লোভে লাগানো আগুন, কিংবা ভবিষ্যতে জমি দখলের জন্য সাজানো ষড়যন্ত্র—এসবই দাবানলের আগুনকে অপ্রতিরোধ্য করে তোলে।

গ্লোবাল ওয়ার্মিং যেন ইউরোপের গ্রামীণ অঞ্চলকে শুকনো বারুদের মতো সংবেদনশীল করে তুলেছে, আর সেই আগুনের স্ফুলিঙ্গ যোগাচ্ছে মানুষ নিজেই।

সরকারি প্রস্তুতির অভাব

সবচেয়ে দুঃখজনক হলো, এই বিপর্যয়ের সামনে ইউরোপের সরকারগুলো পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে না। স্পেনে ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে অগ্নি-প্রতিরোধে সরকারি ব্যয় অর্ধেকে নেমে গেছে—এ যেন আগুনের ভেতরে পানি নয়, বরং তেল ঢালার সমান।

উপসংহার : সতর্কবার্তা গোটা মানবজাতির জন্য

আজকের ইউরোপ কেবল একটি মহাদেশের বিপর্যয় নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য নির্মম সতর্কবার্তা। গ্লোবাল ওয়ার্মিং আর পরিবেশ ধ্বংস—এ দুটি মিলে সভ্যতার অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। আগুনে ভস্মীভূত বনভূমি শুধু ইউরোপের নয়, বরং আমাদের শ্বাস-প্রশ্বাসের অংশ।

এখন প্রশ্ন হলো—আমরা কি এই বিপৎসীমার মুখে দাঁড়িয়ে এখনও উদাসীন থাকব? নাকি সময়ের আগেই নিজেদের ভুল থেকে শিক্ষা নেব?

সূত্র: দ্য ইকোনমিস্ট

Related Articles