পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক দিনে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনায় নওগাঁর একজন, করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং করোনা নেগেটিভ হয়ে নাটোরের একজন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের ২৪০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি নেমেছে শতকের নিচে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন এই ৯৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১০০।
এদিকে বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।
এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১১ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৬৪ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ৪৫ শতাংশ এবং জয়পুরহাটের ৪ দশমিক ৮১ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।


