এক দিনে হাসপাতালে ভর্তি আরও ৭৫ ডেঙ্গু রোগী

এক দিনে হাসপাতালে ভর্তি আরও ৭৫ ডেঙ্গু রোগী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন রয়েছেন।

এ নিয়ে বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৯২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৫ জন ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ইএমআইএস) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর) পর্যন্ত দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৬৬৩ জন।

হাসপাতালে ভর্তি মোট ২৭ হাজার ১৫৩ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন এবং নভেম্বরের ২৯ দিনে তিন হাজার ৪৯৮ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত ৯৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন ও ২৫ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *