একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ ২০২০ এর একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি তাঁদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকীর স্বাক্ষরে এ বছর একুশে পদক প্রাপ্ত ২০ গুণী ও এক প্রতিষ্ঠানের নামের তালিকায় শিল্পকলায় (অভিনয়, সংগীত, আলোকচিত্র ও চারুকলা) বিশেষ অবদান রাখার জন্য মোট ছয় গুণী ব্যক্তিত্বর নাম ঘোষণা করা হয়।

শিল্পকলায় অবদান রাখার জন্য এবার একুশে পদক দেওয়া হচ্ছে সংগীতে বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হককে। নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, অভিনয়ে এম এম মহসীন এবং চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

এছাড়া ভাষা আন্দোলনে অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছেন আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)।

মুক্তিযুদ্ধে (মরণোত্তর): হাজি আক্তার সরদার, আব্দুল জব্বার, ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)। সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ। শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম। সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি। চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

এ ছাড়া গবেষণায় প্রতিষ্ঠান হিসেবে একুশে পদক পাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *