এতিমখানা দুর্নীতি’খালেদার আপিল শুনানি পেছালো

এতিমখানা দুর্নীতি’খালেদার আপিল শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক : জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি পাঁচ দিন পিছিয়ে গেছে তার আইনজীবীদের আবেদনে।

সেইসঙ্গে এ মামলায় দন্ডিত দুই আসামি সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের করা আপিল এবং সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানিও পিছিয়ে গেছে।

শুনানি পেছাতে খালেদার আইনজীবীদের আবেদন শুনে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আগামী রোববার বেলা ২টায় শুনানির নতুন সময় রেখেছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ মামলার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার যে আদেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনার জন্য গত ২৫ জুন আবেদন করেন খালেদা জিয়া আইনজীবীরা।

সেই আবেদনের নিষ্পত্তি হওয়া পর্যন্ত হাইকোর্টে মামলার আপিল শুনানি মুলতবি চেয়ে গত সোমবার আরেকটি আবেদন করেন তারা।

সেই আবেদনের নিষ্পত্তি করেই হাই কোর্ট  মঙ্গলবার আপিল শুনানির নতুন দিন ঠিক করে দিল।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী ছিলেন আদালতে।

এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, আমাদের একটি রিজনেবল সময় দিন। আজকেই আমরা রিভিউ নিয়ে চেম্বার আদালতে যেতে পারি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও দুদকের পক্ষ থেকে এর বিরোধিতায় বলা হয়, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। হাই কোর্টের জন্য এ নির্দেশ মানার বাধ্যবাধকতা রয়েছে।

এরপর আদালত খালেদার আবেদন নিষ্পত্তি করে নতুন তারিখ ঠিক করে দেয়।

গত ১ জুলাই খালেদা ও অপর দুই আসামির আপিলসহ দুদকের আবেদনের শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করে দিয়েছিল হাই কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *