এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি করছে হেফাজত

এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি করছে হেফাজত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশকে সুসংগঠিত করতে এবং সাংগঠনিক তৎপরতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রভাবশালী এই অরাজনৈতিক সংগঠনটি জেলা, থানার পর ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বুধবার হেফাজতের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন হেফাজত আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভায় কারাবন্দী আলেম-ওলামাদের দ্রুত মুক্তির জন্য আইনি সহায়তা বাড়াতে ৫ সদস্যের সাব কমিটি করা হয়। এ কমিটিতে আছেন- মাওলানা মিজানুর রহমান চৌধুরী, ইয়াহইয়া, সাজিদুর রহমান, মীর ইদ্রিস ও মুহিউদ্দীন রাব্বানী।

সভায় হেফাজতের শীর্ষ নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামবৃদ্ধির ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আসন্ন পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্যের লাগাম টানতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া মাওলানা ফোরকানুল্লাহ ও মাওলানা মোবারকুল্লাহকে হেফাজতের নায়েবে আমীর করার একটি প্রস্তাব তোলা হয় এদিন সভায়। তাতে সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে সংগঠনটির তরফে।

সভায় হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল আওয়াল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *