পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর যারা হজ করবেন, তাদের জন্য তীব্র গরম বা দাবদাহসংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দফতর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম)। গতকাল শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিম্ন ৪০ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে এই তাপমাত্রা ওঠানামা করবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসে আর্দ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।
দিনে প্রচণ্ড এ তাপমাত্রার সাথে যুক্ত হতে পারে বালুঝড়ও। এনসিএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে বালুঝড় ঘটতে পারে। ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছেন তিনি।
বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে এনসিএম। সেই সাথে বলা হয়েছে যে হজের সময় যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকেন।
ইসলামের পাঁচটি স্থম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে সমবেত হন লাখ লাখ মুসল্লি।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন থেকে। ৫ জুন আরাফাহ ময়দানে সমবেত হবেন হাজীরা। মোট পাঁচ দিন ধরে চলবে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার হজযাত্রী ও গাইডসহ মোট ৮৬ হাজার ৯৪৫ জন সৌদি আরবে যাচ্ছেন। ইতোমধ্যে সবার ভিসা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮০ হাজারের মতো হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আগামীকাল ১ জুন হজের সর্বশেষ ফ্লাইট যাবে। এতে বাকি হজযাত্রীরাও সৌদি আরবে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে।


