পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখ ৩৬ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ৪৭ লাখ পাঁচ হাজার গরু-মহিষ এবং ৪৪ লাখ ৩০ হাজার ছাগল ও ভেড়া। বাকিগুলো ছিল অন্য ধরনের পশু।
আজ মঙ্গলবার (১০জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কোরবানির পশুর উৎপাদন বেশি হওয়ায় প্রায় ৩৩ লাখ ১০ হাজার পশু অবিক্রিত থেকে গেছে।
অবিক্রিত এসব পশু ঈদের বাইরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ব্যবহার করা হতে পারে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। এই সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি গবাদি পশু। এরপর বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২১ লাখ ৮৫ হাজার ৪০টি।
বিশ্লেষণে আরো দেখা গেছে, এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ৮৩ গাজার ১৬২টি।
এছাড়া, চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি গবাদিপশু। খুলনা বিভাগে কোরবানি হয়েছে ৮ লাখ ৪ হাজার ২২৪টি গবাদিপশু। বরিশাল বিভাগে কোরবানি হয়েছে ৪ লাখ ৭৮৩টি গবাদিপশু। রংপুর বিভাগে কোরবানি হয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি গবাদিপশু।


