পাথেয় রিপোর্ট : সাতক্ষীরার পাটকেলঘাটার একটি মাদ্রাসার পুকুর থেকে ইসমাঈল হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) সকালে হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা প্রতিনিধি।
ইসমাঈল হোসেন পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে। সে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করতো বলে জানা যায়।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, ইসমাইল হোসেন মৃগী রোগ ছিলো বলে তার পরিবারে কাছ থেকে জানা গেছে। সোমবার ভোরে সে ফজরের নামাজ পড়ার জন্য ওই মাদ্রসার পুকুরে ওজু করতে গিয়ে পানিতে পড়ে আর উঠতে পারেনি। সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


