পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে মাদকদব্য ক্রিস্টাল মেথ-আইস ও ইয়াবা এবং বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন মিয়ানমারের নাগরিক ও অপরজন বাংলাদেশি।
আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে দীন মোহাম্মদ (৪০) ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে তাদের আটক হয়।
টেকনাফে বিজিবির ব্যাটেলিয়ন-২’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে জানান, আজ ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ওইসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘আটকদের মধ্যে একজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও অপর বাংলাদেশি নাগরিক। আটক বাংলাদেশি নাগরিক দীন মোহাম্মদ একজন তালিকাভুক্ত মানবপাচারকারী।’
আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ।


