পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কঠোর লকডাউনের ৫ম দিনে সরকারী বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এছাড়া ২৩৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩হাজার টাকা।
সংক্রমণ রোধে সরকার কঠোর বিধিনিষেধ দিয়ে মানুষকে ঘরে থাকতে বললেও মানছে না অনেকেই। কারণে অকারণে মানুষ রাস্তায় বের হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈদের আগে করোনার উচ্চ সংক্রমণের মধ্যেও চলমান কঠোর বিধিনিষেধ ২৩ জুলাই পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছিলো সরকার। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।
এতে বলা হয় ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ আরোপ করা হয়। এ সময়ে সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এর আগে, সোমবার (২৬ জুলাই) অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ১৬৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ২৬ হাজার ২৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১০ লাখ ২১হাজার টাকা।


