পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ভাইরাস নগরী চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ইতোমধ্যেই ১৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিষেধক আবিস্কৃত না হওয়া এ ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এশিয়া মহাদেশের দেশগুলোসহ পশ্চিমা বিশ্ব। এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত হচ্ছে সবাই।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন মঙ্গলবার (২৮ জানুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষে রয়েছে চীন। দেশটিতে এ ভাইরাস আক্রমণে মারা গেছে এ পর্যন্ত ১০৬ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ হাজার। এর পরই রয়েছে চীনের আধা-স্বায়ত্তশাসিত শহর হংকং-৮ ও চীনের আরেকটি বিশেষ প্রশাসনিক শহর মাকাওতে আক্রান্তের সংখ্যা-৫ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া আরও ১৫টি দেশে হানা দিয়েছে করোনা ভাইরাস। দেশগুলো হল-
অস্ট্রেলিয়া-৫, কম্বোডিয়া-১, কানাডা-১, ফ্রান্স-৩, জার্মান-১, জাপান-৪, মালয়েশিয়া-৪, নেপাল-১, সিঙ্গাপুর-৫, দক্ষিণ কোরিয়া-৪, শ্রীংলকা-১, থাইল্যান্ড-৮, তাইওয়ান-৪, যুক্তরাষ্ট্র-৫ ও ভিয়েতনামে ২ জন।
এদিকে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস আধানমকে তিনি বলেন, ‘নতুন করোনা ভাইরাস একটি শয়তান এবং চীনের আত্মবিশ্বাস রয়েছে এর বিরুদ্ধে যুদ্ধে জয় হবে।’ খবর রয়টার্সের।


