করোনা সংকট মোকাবিলায় তরুণদের বেশি দায়িত্ব নিতে হবে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভিড-১৯ মহামারি মোকাবিলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তরুণরা। আগামী দিনগুলোতে এই উদ্যোম-অবদান অব্যাহত থাকবে এবং সংকট মোকাবিলায় তরুণদেরই আরও বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ইয়ং বাংলার লেটস টক-এর বক্তারা। শুক্রবার তরুণদের প্ল্যাটফর্ম ইয়ং বাংলা আয়োজিত তিনদিনব্যাপী ‘কোভিড-১৯ রিকভারি: ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক সিরিজ লেটস টকের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তারা।
এই সিরিজ লেটস টকের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ বলেন, কোভিড-১৯ অবস্থার মধ্যে তরুণদের উদ্বেগের জায়গা কী, পরামর্শ কী, এই বিশেষ অবস্থায় করোনা মোকাবিলায় তাদের উপদেশ, ইচ্ছা প্রতিফলন করতে পারেন। সরকারি পর্যায়ে আমাদের যারা পলিসি মেকার আছেন, আইনপ্রণেতা আছেন তাদের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে আসতে চাই।
ইয়ং বাংলার আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, মহামারি মোকাবিলায় তরুণরা একেবারে তৃণমূল থেকে তাদের নিজস্ব পদক্ষেপের সঙ্গে সম্পৃক্ত। সরকারি-বেসরকারি বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তারা।
করোনা মোকাবিলায় বাংলাদেশের তরুণদের ভূমিকার প্রশংসা করে চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশনের (সিএইচআরএফ) তরুণ বিজ্ঞানী সেঁজুতি সাহা বলেন, তরুণদের কাজের কথা যত জানছি তত অনুপ্রাণিত হচ্ছি। তত মনে হচ্ছে কত দ্রুত আরও বেশি কাজ করতে পারবো।
তিনি বলেন, অবশ্যই আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অন্যভাবেও দেখতে পারি। হয়তোবা তরুণদের জন্য এটা একটা সুযোগ। ছাপ ফেলে যাওয়ার সুযোগ।
করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করার এই তরুণ বিজ্ঞানী বলেন, আমরা ভাইরাস নিয়ে অনেক বছর ধরে কাজ করছি। কিন্তু করোনা ভাইরাস, এরকম ভাইরাস নিয়ে অন্য সব ল্যাবের মতো আমরা কখনো কাজ করিনি। একই সময় আমরা বুঝলাম এটাই সে সুযোগ বাংলাদেশের জন্য কিছু করার।
আগামী দিনগুলোতে তরুণদের আরও বেশি দায়িত্ব নিতে হবে মন্তব্য করে সেঁজুতি সাহা বলেন, সামনে সংকট, আরও অনেক বড় সংকট। আমরা যদি মনে করি আমরা একটা সংকটের মধ্যে আছি, তাহলে এটাও মনে রাখতে হবে আমরা অনেক বড় একের অধিক সংকটের মুখোমুখি। যেখানে আমাদের তরুণদেরই অনেক বেশি দায়িত্ব রয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নারী ক্রিকেট দলের সদস্য, টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, সামদানি আর্ট ফাউন্ডেশনের রাজিব সামদানি, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) ইজাজ আহমেদ, জাগো ফাউন্ডেশনের করভী রাখসান্দ, মজেসিআই বাংলাদেশ এর সারাহ কামাল ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী শাকিলা ইসলাম। অনুষ্ঠানে ইয়াং বাংলার কার্যনক্রমের ওপর একটা অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। করোনা মোকাবিলায় ইয়াং বাংলার বিভিন্ন কার্যকক্রম তুলে ধরেন ইশরাত ফারজানা তন্বী।
তিনদিনব্যাপী ইয়াং বাংলার এই লেটস টক সিরিজের কর্মসূচি তুলে ধরেন হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা নবনিতা চৌধুরী।


