পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নভেল করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে যারা কর্মহীন হয়েছে রমজানের ঈদের আগে তাদের আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (০৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ধাপে ধাপে সারাদেশে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শেষ ধাপে আজ রংপুর বিভাগের সবগুলো জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এই ভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো আমাদের দেশেও অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। এই ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের ঈদের আগে কিছু আর্থিক সহায়তা আমরা দিতে চাই।
তিনি বলেন, শক্তিশালী করোনাভাইরাসের কাছে কোনো কিছুই কাজে লাগছে না। ধন-সম্পদ-অর্থ সবকিছুই ব্যর্থ। ধনী-গরিব সবাই একাকার হয়ে যাচ্ছেন।
মতবিনিময় শুরু করার আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে আপনারা আমার শহীদ বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। এছাড়া আমি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।


