কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেল বাস, আহত চারজন

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেল বাস, আহত চারজন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুছড়ে গেছে বাস। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

যাত্রীদের সূত্রে ফায়ার সার্ভিস জানায়, ‘ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বাসচালক। তাই বাসটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত ব্যক্তিদের একজন দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনের আসনে আটকে ছিলেন। বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (২৮) ও মো: রায়হান ইসলাম (৩৮)। অন্য দু’জনের এখনো পরিচয় পাওয়া যায়নি।

আহত আনোয়ারকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি খুলনার বাসিন্দা। আর নৌবাহিনীতে কর্মরত মো: রায়হান ইসলামকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম নগরে নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো: শামসুল আলম বলেন, মহাসড়কের পাশে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন একটি কাভার্ডভ্যানের পেছনে বাস ধাক্কা দিয়েছে। বাসের ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। স্থানীয় বাসিন্দারা তাদের বাস থেকে নামিয়ে আনেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। তবে একজন বাসে আটকে থাকায় বাসিন্দাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা হায়াতুন্নবী বলেন, ‘আটকে পড়া এক যাত্রীকে অনেক কষ্টে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তার ডান পায়ের নিচের অংশ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অপর ব্যক্তিকে আমরা আসার আগেই স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। যাত্রীরা জানিয়েছেন, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় আহত যাত্রীদের একজনের অবস্থা গুরুতর। আমরা দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে নিয়েছি। তবে বাসচালক দুর্ঘটনার পরই পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’

Related Articles