কাশ্মীরে মোদির কারণে আর্থিক ক্ষতি ১০ হাজার কোটি রুপি

কাশ্মীরে মোদির কারণে আর্থিক ক্ষতি ১০ হাজার কোটি রুপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে প্রশাসনিক নানা বিধি-নিষেধের জেরে এখন পর্যন্ত ১০ হাজার কোটি রুপির বেশি ক্ষতি হয়েছে। রোববার কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আশিক আহমদ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান।

শেখ আশিক বলেন, ‘কাশ্মীরে ব্যবসা-বাণিজ্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। প্রায় সবক্ষেত্রেই প্রভাব পড়েছে। তিন মাস হতে চললেও, এখনও উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেজন্য ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, ব্যবসায় মন্দা চলছে বলেই আমরা জানতে পেরেছি।’

শেখ আশিক আরো বলেন, ‘আজকের দিনে যেকোনও ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট পরিসেবা খুব গুরুত্বপূর্ণ। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এতে শুধুমাত্র ব্যবসায়ীদেরই ক্ষতি হবে না, বরং কাশ্মীরের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে এর ফল ভুগতে হবে সরকারকেই।’

‘হস্তশিল্পের ক্ষেত্রে জুলাই-আগস্ট মাস নাগাদই বিদেশ থেকে অর্ডার এসে যায়। বড়দিন এবং নতুন বছরের আগে তা সরবরাহ করতে হয়। কিন্তু অর্ডার হাতে পেলে তবে তো সরবরাহের কথা ভাবা যাবে! যেখানে যোগাযোগ ব্যবস্থাই নেই, সেখানে অর্ডার আসবে কোথা থেকে? এর ফলে প্রায় ৫০ হাজার হস্তশিল্পী এবং তাঁতশিল্পী কাজ হারিয়েছেন’, বলেন শেখ আশিক।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। সেদিন থেকে উপত্যকাটিতে বিভিন্ন বিধিনিষেধ ও যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েছেন। সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন কাশ্মীর। এজন্য অনেকেই মোদি সরকারকে দোষারোপ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *