পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীজী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে সীরাত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে কিডস স্মাইল ফাউন্ডেশন।
বুধবার (২০ অক্টোবর) রাজধানীর খিলগাঁও, সিপাহীবাগে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণও করেন সংগঠনটির সদস্যরা। উপস্থিত সকল প্রতিযোগিকে উন্নতমানের খাবার দিয়েছেন তারা।
কিডজ স্মাইল ফাউন্ডেশনের সিইও মাওলানা ইমরান আমির বলেন, ‘শিশুরা নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই। তাদের মনে হিংসা বিদ্বেষ নেই, কুটিলতা নেই, তাই তারা হচ্ছে ফুলের মতো। শিশুরা যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে, ইসলাম ধর্ম ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে চলে পারে—এসব উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই সীরাত প্রতিযোগিতার আয়োজন।’
অনুষ্ঠানে কিডজ স্মাইল ফাউন্ডেশনের এমডি মুফতি আব্দুস সালাম বলেন, ‘নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুদের খুব ভালোবাসতেন। আনসারি সাহাবিদের পল্লিতে যেতেন তখন তাঁদের শিশুদের সালাম দিতেন, তাঁদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাঁদের জন্য দোয়া করতেন। তিনি শিশুদের দুঃখ তিনি সইতে পারতেন না। কোনো শিশুকে দুঃখিত দেখলে মিষ্টি-মধুর কথা বলে তাঁর মন খুশি করে দিতেন। সুন্দর সুন্দর কথা বলে তাঁকে হাসিয়ে দিতেন।’
তিনি আরও বলেন, ‘শিশু কিশোরদের আদব-কায়দা শিক্ষা দেয়া এবং যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন যাতে সহজেই যাতে নামাজে অভ্যস্ত হয় সেই দিকে খেয়াল রাখা আমাদের কর্তব্য। শিশুরা যাতে সর্বদা সত্য কথা বলে, অন্যের মনে কষ্ট না দেয়, গরীব-দুঃখকে সাহায্য করে, পিতা-মাতার কথা মেনে চলে, বড়দের সম্মান করে—এসব এর শিক্ষা নবীজীর দিয়েছেন। তাই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করে শিশুরা যেন বড় হয়, এজন্য আমাদের এই আয়োজন।’
সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার ও খাবার বিতরণ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ সাইফুল্লাহ।



