পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রসুলপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাহিদ উদ্দিন জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেসের লোকো নম্বর ২৬০৮ কুমিল্লার রসুলপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়। তবে এটি ‘লুপ লাইন’-এ হওয়ায় মূল রেলপথে ট্রেন চলাচলে বড় কোনো সমস্যা হয়নি। আপাতত ওই লাইনে অন্য কোনো ট্রেন নেই বলেও জানান তিনি।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনাটি লুক লাইনে হওয়ায় অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান সহকারী স্টেশন মাস্টার।
এদিকে একই সময়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা লালমাই শ্রীনিবাসন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, ইঞ্জিন মেরামত শেষে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোধূলি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।


