কুমিল্লার মণ্ডপে হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে : তথ্যমন্ত্রী

কুমিল্লার মণ্ডপে হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে : তথ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি কুমিল্লায় মণ্ডপে হামলা ও ভাংচুরের যে ঘটনা ঘটেছে, তার পরিকল্পনা লন্ডনে করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি দীর্ঘ এক মাস বৈঠক করে এই ষড়যন্ত্র করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনের, বিটিভি, রাজশাহী উপকেন্দ্র পরিদর্শনে গিয়ে আজ মঙ্গলবার, ২৬ অক্টোবর, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে তারাই। কুমিল্লার ঘটনা কারা ঘটিয়েছে, কারা প্ররোচনা দিয়েছে এবং কার ফরমায়েশে এই ঘটনা হয়েছে, সব ঘটনাই বের করা হবে। ওই ঘটনা কারা ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়েছে সেটাও বের হবে। সরকার তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোচনার এক পর্যায়ে সাম্প্রদায়িক উস্কানি প্রসঙ্গে বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন যাদের কাছে পছন্দ হয় না, বিভিন্ন সময় দেশে তারাই এমন গুজব ছড়ায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব, করোনার টিকা নিয়ে গুজব কিংবা পদ্মা সেতুতে নরবলী নিয়ে গুজব সবই তারাই করে। আর তাদের নেতা মির্জা ফখরুল যে বক্তব্য দেন, তা শুনে মনে হয়— ‘ঠাঁকুর ঘরে কে রে? আমি কলা খাইনি’।

সব ধরনের গুজব মোকাবেলার জন্য ভবিষ্যতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিটিভির এই রাজশাহী কেন্দ্র আগামী নির্বাচনের আগেই চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গণমাধ্যমে বিজ্ঞাপন নীতিমালা এবং আগামী দিনে গণমাধ্যমের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনার কথাও তুলেন ধরেন তিনি।

এর আগে আজ মঙ্গলবার সকালে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে পৌঁছান ড. হাছান মাহমুদ। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে বিমানবন্দর থেকে মন্ত্রী সরাসরি বিটিভি রাজশাহী উপকেন্দ্রে যান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *